আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই, দরকার শাজাহানের মতো নিবেদিত কর্মীদের।
শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তিনি তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
শাজাহানের মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, দুঃসময়ে যখন কেউ থাকবে না তখন শাজাহানের মতো নিবেদিত কর্মীরাই পাশে থাকবে বলে মনে করেন ওবায়দুল কাদের।
দেশের সামর্থ্যবানদের প্রতি অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, করোনার এই দুঃসময়ে অস্বচ্ছল মানুষের সহযোগিতা একান্ত কাম্য।


