নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার প্রতিবাদে কালিহাতী বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এখন পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, কালিহাতী উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো ঘর সম্প্রতি নিলাম পান স্থানীয় আওয়ামী সমর্থক কয়েকজন। তারা আজ সেই ঘরটি ভাঙতে গেলে আমিনসহ কয়েকজন বাধা দেন। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম আমিন ও রাসেল নামের দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুইজনের অবস্থাই গুরুতর।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের নিলামকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন।’


