বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সবশেষ ২০১৭ সালে হয়েছিল বিসিবির এজিএম। মাঝে করোনা জটিলতা ও নানা কারণে এজিএম করতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এ ব্যাপারে সাংবাদিকদের নিজামউদ্দিন বলেন, ‘আগামী ২৬ আগস্ট আমাদের বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে গত তিন বছর নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএমটা করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। এখন একটা তারিখ নির্ধারণ করেছি, আমাদের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন। ইতোমধ্যে আমরা জেনেছি আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’
বিসিবির গঠনতন্ত্র অনুসারে, প্রতি অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে পরিচালনা পরিষদ কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও নির্বাচিত স্থানে এজিএম করা। কিন্তু এই ধারা অনুসারে আয়োজিত হচ্ছে না এজিএম। তিন বছর ধরে এজিএম না হওয়ার ব্যাপারে প্রধান নির্বাহী কর্মকর্তার ভাষ্য, ‘দেখুন, কিছু সীমাবদ্ধতা তো থাকেই। আমাদের সংস্থার ধরণটাই এমন যে নানা রকমের কার্যক্রম থাকে।’


