ক্রীড়া ডেস্ক : ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে জমজমাট আর মর্যাদার লড়াই এল ক্লাসিকো। স্প্যানিশ দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এ লড়াই উপভোগ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন ফুটবলমোদীরা। এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে এই দুই জায়ান্ট দলকে একই মাঠে দেখা যাবে আগামী মাসেই । মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে আগামী মাসের ২৮ তারিখ, রোববার মুখোমুখি লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। মর্যাদার এল ক্লাসিকোতে এবার ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণের কথা নিশ্চিত করেছেন লা লিগা সভাপতি জাভিয়ের তেভস। লা লিগায় এতদিন বার্সা ও রিয়ালের সঙ্গে লড়াইটা ছিল মেসি ও রোনালদোর মধ্যকারও। কিন্তু এবার রিয়ালের জার্সি গায়ে দেখা যাবে না রোনালদোকে। দীর্ঘ এক দশকের বন্ধন ছিড়ে রোনালদো রিয়াল ছেড়ে এবার যোগ দিয়েছেন জুভেন্টাসে। রোনালদোহীন এল ক্লাসিকো কেমন উত্তাপ ছাড়ায় এবার সেটা দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা। এল ক্লাসিকোর (২৮ অক্টোবর, রবিবার) ঠিক আগে নিজেদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে নামবে রিয়াল ও বার্সা। সান্তিয়াগো বার্নাবুত্যে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে মঙ্গলবার খেলবে রিয়াল। এর একদিন আগেই ঘরের মাঠে ইন্টার মিলানকে স্বাগত জানাবে বার্সেলোনা।


