‘আগামী সপ্তাহে টিকা পাবেন প্রাথমিকের শিক্ষকেরা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-কর্মকর্তাদের করোনার টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হবে। আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব।’

আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে স্বাভাবিক মনে হলো। আমরা অন্যান্য যে টিকা নিই, তার চেয়ে আমার কাছে অনেক আরামদায়ক মনে হলো।
প্রধানমন্ত্রী এতটাই আন্তরিক শিক্ষার প্রতি যে, তিনি (গতকাল) সোমবার এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন যে, ‘তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব। যাতে আমার কোনো শিক্ষক আওতার বাইরে না থাকে।’”

শিক্ষক-কর্মকর্তাদের জন্য কবে থেকে টিকা কার্যক্রম শুরু হবে- এমন প্রশ্নে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘শিক্ষকদের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আমরা যেকোনো সময় মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবসহ সবাই নিয়েছেন। তাঁদের কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমার এলাকায়ও যাঁরা নিয়েছেন, তাঁদেরও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমার শিক্ষকদের আমি অনুরোধ করব, যাঁরা টিকার আওতায় পড়বেন, চল্লিশোর্ধ বয়সের সবাইকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করব। আমার শিক্ষক-শিক্ষিকা সবাই যেন যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসেন।’