আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে পঞ্চম তম বিপিএল

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। শ্যামলীর একমি সেন্টারে এক সংবাদ সম্মেলনে নতুন সূচির কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

এর আগে ৫ নভেম্বর বিপিএলের পঞ্চম আসর শুরুর কথা বললেও আজ তারিখ পরিবর্তনের কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ২ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ৩১ অক্টোবর হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিগ ব্যাশ ও সাউথ আফ্রিকা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজি ৫ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার পক্ষে মত দিয়েছে। আর এ আসরে নতুন আইকন খেলোয়াড় হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান।

বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বশেষ আসরে খেলেছিল সাতটি দল। এবার দল বেড়ে হয়েছে আটটি। এক আসর পর নতুন মালিকানায় বিপিএলে ফিরছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট।