আজও কুয়াশাসহ দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আজও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েয়ে আবহাওয়া অফিস। এ ছাড়া সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার (২৪ জানুয়ারি) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই সময়ের শেষ দিকে বৃষ্টির প্রণতা হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সমেয় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও টেকনাফে।

রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৩ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ৬, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহী ১৩ দশমিক ৭, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।