জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরে বাদশা মোল্লা (৫৫) নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।
বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা। তিনি ডেঙ্গুর পাশাপাশি হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন।
পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২২ আগস্ট বাদশা মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গুসহ একাধিক রোগে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। শনিবার সকালে তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


