আজ আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা

ক্রীড়া ডেস্ক : জিতলে দ্বিতীয় রাউন্ডের আশা টিকে থাকবে, হারলে বিদায়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে। শুধু জিতলেই হবে না মেসিদের, তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। আইসল্যান্ড জয় না পেলে মেসিদের সহজেই মিলবে শেষ ষোলোর টিকিট। আর যদি আইসল্যান্ড জিতে যায় এবং আর্জেন্টিনাও জয় পায় তাহলে গোল ব্যবধানের হিসাব আসবে। যেখানে এক গোলে পিছিয়ে আর্জেন্টিনা! দলটির ভয়ের কারণ সেখানেই।

আর্জেন্টিনার বর্তমান গোল পার্থক্য যেখানে -৩ সেখানে আইসল্যান্ডের -২। এই অবস্থায় নাইজেরিয়ার বিরুদ্ধে জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে চার। তাতে নকআউট পর্বে খেলা নিশ্চিত হতে পারে মেসিদের। তবে এক্ষেত্রে আইসল্যান্ডকে জয়বঞ্ছিত থাকতে হবে ক্রোয়াটদের বিরুদ্ধে।

সুযোগ থাকবে নাইজেরিয়ারও। ২-০ ব্যবধানে আইসল্যান্ডকে হারিয়ে দেওয়ায় সুপার ঈগলসরাও টিকে আছে রেসে। আজ শুধু মেসিদের হারাতে হবে তাদের। কিন্তু বিশ্বকাপে নাইজেরিয়া কখনো হারাতে পারেনি আর্জেন্টিনাকে। এমনিতে জয় পেয়েছে দুবার।

শেষ ম্যাচে নাইজেরিয়া জিতে রয়েছে বেশ উৎসব মেজাজে। নাইজেরিয়াকে আত্মবিশ্বাসী করছে দুই দলের মুখোমুখির শেষ ম্যাচের পারফরম্যান্স। ২০১৭ সালের ১৪ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল ২-৪ গোলে।

বিশ্বকাপে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল; চারবারই জিতেছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ সাক্ষাত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। ম্যাচটি ৩-২ গোলে জেতে আর্জেন্টিনা। মেসি ও মুসা দুজনই করেন দুটি করে গোল। মার্কোস রোহোর গোলে উতরে যায় আর্জেন্টিনা। আজ আর্জেন্টিনাকে হারালে ইতিহাস গড়বে সুপার ঈগলসরা।

ঠিক উল্টো চিত্র আর্জেন্টিনা শিবিরে। দলে ভাঙনের সুর, অস্থিরতা! কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়েও গুঞ্জন। তার সঙ্গে সম্পর্ক ভালো নেই খেলোয়াড়দের। তবে এসব খবর উড়িয়ে দিয়েছেন দলের সিনিয়র খেলোয়াড় হাভিয়ের মাসচেরানো। তার ভাষ্য, ‘সাম্পাওলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকই আছে। আমরা কোন ব্যাপারে অস্বস্তি বোধ করলে তাকে জানাই। পরিস্থিতিটা আমাদের বিরুদ্ধে। আমরা ভালো করা শুরু করলে এসব বিষয় আর সামনে আসবে না। বিষয়গুলো সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আজ একাদশে ফিরতে যাচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্কোস রোহো। আর খেলা হবে মেসির প্রিয় ৪-৩-৩ ফরমেশনে। প্রথম দুই ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি লিওনেল মেসি। এবার নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বিশ্ববাসীর কাছে আবারো নিজেকে মেলে ধরার পালা। মেসি হাসলে, হাসবে পুরো বিশ্ব।