আজ (শুক্রবার) ২ জুলাই চলমান মহামারি করোনাভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন দ্বিতীয় দিন। আজ সকাল থেকেই রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। তাছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। বৃষ্টির কারণে সকাল বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি ঢাকায়।
চলমান লকডাউন অমান্য করে প্রথম দিন অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে রাজধানীতে পুলিশের আটটি বিভাগ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চালানো এসব অভিযানে ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের ৫১টি থানা এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়েছে। মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৩৯১ জনকে।


