ক্রীড়া ডেস্ক: ২০১০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর আবার নক আউট পর্বে খেলতে নামছে স্পেন। দক্ষিণ আফ্রিকায় বিজয়ের মালা পড়লেও ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে ইনিয়েস্তা, রামোসরা।
৮ বছর পর বিশ্বকাপের প্রথম নক আউট ম্যাচে আজ স্পেনের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। লুঝনিকি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
৮ বছর পর স্পেন নক আউট টুর্নামেন্টে মাঠে নামলেও, এ দিনটি দেখার জন্য রাশিয়ানদের অপেক্ষা করতে হয়েছে ৩২ বছর। ১৯৮৬ বিশ্বকাপে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শেষ ষোলোর লড়াইয়ের টিকিট পেয়েছিল। এরপর চারটি বিশ্বকাপ খেললেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে রাশিয়া। এবার গ্রুপ পর্বে ৬ পয়েন্ট নিয়ে রাশিয়া রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে নাম লিখায়। আর স্পেন ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠে।
দুই দল এর আগে ১২ ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারী স্পেনের। ৬টিতে জিতেছে তারা। ২টিতে রাশিয়া। বাকি ৪টিই ড্র হয়েছে। বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানেও এগিয়ে আছে স্পেন। স্পেনের ১৮ গোলের বিপরীতে রাশিয়ার গোল ১১টি। সবশেষ দেখায় ৩-৩ গোলে ড্র হয় দুই দলের লড়াই।
ফিফা র্যাঙ্কিংয়ে স্পেন দশম স্থানে। আর রাশিয়ার অবস্থান ৭০তম। দুই দলের র্যাঙ্কিং পার্থক্যই বলে দেয় দুই দলের মধ্যে কতটা পার্থক্য বিদ্যমান। কিন্তু মাঠের খেলায় প্রথম রাউন্ডে পাওয়া গেছে ভিন্ন রাশিয়াকে। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকলেও গ্রুপ পর্বে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে রাশিয়া। তাই বাঁচা-মরার লড়াইয়ে রাশিয়াকে হাল্কাভাবে না নেওয়াই ভালো।
শেষ ম্যাচে স্পেনকে জিততে দেয়নি রাশিয়া। সেটা রাশিয়ার হতে পারে বড় অনুপ্রেরণা। আর স্পেন সময়ের সাথে সাথে নিজেদেরকে ফিরে পেয়েছে বিশ্বকাপে। ইসকো, ইনিয়েস্তা, রামোসরা এখান থেকেই পেতে পারে আত্মবিশ্বাস।
নক আউট পর্বে প্রথম দুই ম্যাচে মেসি ও রোনালদোর দলের হারের পর তৃতীয় ম্যাচে কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। রাশিয়া স্পেনকে হারিয়ে অঘটন ঘটালে অবাক করার কিছু থাকবে না।


