নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নদীর পৃথক জায়গায় স্বামী-স্ত্রীর মরদেহ ভেসে ওঠে।
উদ্ধার নবদম্পতির হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)। দিনাজপুর থেকে মহাদেবপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় তারা নিখোঁজ হন।
নিহত পারভেজের মা জানান, তার ছেলে একটি বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতেন। গতকাল তাদের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই নদী তীরে মরদেহ ফিরে পাওয়ার প্রতীক্ষায় রয়েছেন তিনি।
নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীতে রোববার দুপুরে গোসল করতে নেমে ওই দম্পতি। এ সময় সাঁতার না জানা সোমা স্রোতে নদীতে ডুবে যেতে থাকেন। তাকে উদ্ধারে চেষ্টা চালান পারভেজ। তবে নদীর গভীরতা বেশি থাকায় দু’জনেই পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে শুরু করে। ওইদিন রাত ৮টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে তাদের কোনো হদিস না পেয়ে অভিযান বন্ধ করে দেয়।
দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে ১২ জনের ডুবুরি দল নদীতে নামেন। সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পৃথক জায়গায় ভেসে ওঠে ওই দম্পতির মরদেহ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী টিম লিডার নুরুননবী বলেন, আমরা নদীর তলদেশে ১২টি ক্যাটাগরিতে তল্লাশি চালাই। ধারণা করা হচ্ছিল তলিয়ে যাওয়ার অন্তত এক কিলোমিটার দূরে মরদেহ চলে যাবে সে হিসাব কষে অভিযান চালানো হয়।


