রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ৩ অক্টোবর (প্রথম প্রহর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাসুম মামুন এন্টারপ্রাইজের মালিক ও ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে একজনের মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। রাত পৌণে ২টার ইছামতি এলাকায় পুলিশ গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। পরে পুলিশ বিষয়টি আমাদের জানায়।
জানা গেছে, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ৪০০ মিটারের মতো। নিহত মাসুমের গলা, কোমর ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পিতা মো. ইউছুপ বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি আইনের ধারস্থ হবো।
মাসুমের মৃত্যুকে হত্যা দাবি করে আজ সকাল ১১ টার সময় তার আত্মীয় স্বজনসহ স্থানীয়রা উপজেলায় বিক্ষোভ করেন। তারা প্রশাসনের কাছে মাসুমের হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।


