আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চারিত্রিক দৃঢ়তা ও ধৈর্যের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন
বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস ডে উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিপূর্ণভাবে বিবাদ মিমাংসার কূটনৈতিক নীতির প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নীতির মাধ্যমে তিনি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন পথ উন্মোচন করেছেন। এই নীতি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সামনে রেখেছে এবং লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

বাংলাদেশ ফরেন সার্ভিস তার অভ্যন্তরীণ উৎসাহ ও দিক-নির্দেশনায় চলছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরীতা নয়’ এই নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।