ক্রীড়া প্রতিবেদক: ৮৮০০ কিলোমিটার দূরে পচেফস্ট্রুমে জাতীয় দল যেখানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙার জন্য ছটফট করছে ঠিক উল্টো চিত্র ঘরের মাটিতে। অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানকে অলআউট করেছে মাত্র ৭৭ রানে!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই যুবাদের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৪৫ রানে। আগে ব্যাটিং করে সাইফ হাসানের দল ৯ উইকেটে করে ২২২ রান।
পেসার কাজী অনিক ও স্পিনার নাঈম হাসানের বোলিংয়ে গুঁড়িয়ে যায় আফগানিস্তানের ব্যাটিং অর্ডার। বাঁহাতি পেসার অনিক ২৭ রানে নেন ৪ উইকেট। স্পিনার নাঈমের ১১ রানে শিকার ৩ উইকেট। ৯ ওভার বোলিং করে ৪টি মেডেন নেন নাঈম। এছাড়া রকিবুল হক ও মনিরুল ইসলাম ১টি করে উইকেট নেন।
সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন তারিক স্টানিকজাই। ১০ রান আসে নিসার ওদাতের ব্যাট থেকে। এছাড়া ৯ ব্যাটসম্যানের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে তৌহিদ হৃদয়ের ৫২ রানের ইনিংসে ভর করে ২২২ রানের পুঁজি পায় বাংলাদেশ। উইকেট রক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ রান করেন। বল হাতে জ্বলে উঠার আগে ব্যাট হাতে ২৭ রান করেন কাজী অনিক। আফগানিস্তানের সেরা বোলার মুজেব। ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার পান কাজী অনিক। ৩০ সেপ্টেম্বর একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


