ক্রীড়া ডেস্ক : অভিষেক টেস্ট খেলার আরো কাছে আফগানিস্তান। এ বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গত জুনে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এই সিরিজটা আয়োজন করতে পারে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পূর্ণাঙ্গ এই সিরিজে থাকতে পারে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি কিংবা তিনটি টি-টোয়েন্টি। আফগানরা অবশ্য নিজেদের মাটিতে সিরিজ আয়োজন করতে পারছে না। তবে এসিবি ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকিয়ে আছে।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গত সপ্তাহে এসিবিকে একটি ই-মেইল পাঠিয়েছে। তবে দুই বোর্ড সিরিজটি নিশ্চিত করবে জেডসির সিদ্ধান্তের পর। আইসিসির এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অংশ হিসেবে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজে খেলার কথা জিম্বাবুয়ের। সিরিজটা হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশে আসতে চাইছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা হলে আফগানিস্তানের ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে। ২০০৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর থেকে নিজেদের ক্রিকেটকে শীর্ষ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। এ সময়ের মধ্যে আফগানরা জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিনটি সীমিত ওভারের সিরিজ জিতেছে। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছে।


