আফগান অধিনায়ক রশিদ খানের মা আর নেই

খেলা ডেস্কঃ আফগান অধিনায়ক ও লেগ স্পিনার রশিদ খানের মা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুন) প্রাণ ত্যাগ করেন তিনি।

মা হারানোর খবর জানিয়ে রশিদ খান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আর আমার মায়ের দোয়া এবং ভালোবাসা পাব না। আমার পরিবার তাকে হারিয়ে কঠিন এক সময় অতিবাহিত করছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন।’

এর আগে গত ১২ জুন অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন রশিদ খান। এক টুইটে তিনি লিখেছিলেন, ‘হে আল্লাহ! আমার মাকে সুস্থ করে দিন। তার জন্য সবাই দোয়া করবেন।’

২১ বছর বয়সী রশিদ অল্প কদিনেই বিশ্ব ক্রিকেটের বড় তারকায় পরিণত হয়েছেন। পুরো বিশ্বেই তার ভক্ত আছে। প্রিয় তারকার স্বজন হারানোর খবর শুনে তারাও কষ্ট পাচ্ছেন। সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।