ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল আছে শুরু থেকে। দল আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। বলিউড মহাতারকা শাহরুখ খান এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও একটি দল কিনলেন।
আফ্রিকান লিগে দল কিনেছে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাদের, সেই জিএমআর স্পোর্টসও। দল কিনেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুই ফ্র্যাঞ্চাইজির মালিকও।
আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি, পিএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি, দক্ষিণ আফ্রিকার দুই ব্যবসায়ী এবং হংকং ও দুবাইয়ের দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকান লিগের আটটি দল কিনেছেন। লন্ডনে সোমবার এক অনুষ্ঠানে দলগুলোর মালিক, শহর এবং তারকা খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়।
ডারবান, বেনোনি, প্রিটোরিয়া, স্টেলেনবোস, কেপ টাউন, ব্লুমফন্টেইন, জোহানেসবার্গ এবং পোর্ট এলিজাবেথ- এই আটটি শহরের প্রতিটি থেকে একটি দল টুর্নামেন্টে অংশ নেবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স-এর মালিক শাহরুখ কেপ টাউন ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন। তার দলের নাম হবে কেপ টাউন নাইট রাইডার্স। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলসের জিএমআর স্পোর্টস কিনে নিয়েছে জোহানেসবার্গ ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
প্রিটোরিয়ার মালিকানা কিনেছেন দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ওসমান ওসমান। যিনি একটি লাইফস্টাইল ব্র্যান্ডের মালিক। স্টেলেনবোসের মালিকানা কিনে নিয়েছেন আরেক দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী মুশতাক ব্রে।

ছবিটি ক্রিকইনফোর সৌজন্যে
পিএসএলের দল লাহোর কালান্দার্সের মালিকা ফাওয়াদ রানা কিনেছেন ডারবানের মালিকানা এবং পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি কিনেছেন বেনোনি ফ্র্যাঞ্চাইজির মালিকানা। ব্লুমফন্টেইনের মালিকানা কিনেছেন হংকংয়ের ব্যবসায়ী সুশীল কুমার। পোর্ট এলিজাবেথের মালিকানা কিনেছেন দুবাইয়ের ব্যবসায়ী অজয় শেঠি। দুজন এর আগেও ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এদিন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আটটি দলের আটজন অ্যাম্বাসেডরের নামও প্রকাশ করেছে, আটজনই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড়। আট অ্যাম্বাসেডরের হলেন- গ্রায়েম স্মিথ, অ্যান্ড্রু হল, অ্যাশলে প্রিন্স, হার্শেল গিবস, পল অ্যাডামস, অ্যালান ডোনাল্ড, অ্যান্ড্রু হাডসন ও পল হ্যারিস।
ডারবান দলে তারকা খেলোয়াড় হিসেবে খেলবেন হাশিম আমলা। এ ছাড়া বেনোনি দলে কুইন্টন ডি কক, প্রিটোরিয়ায় এবি ডি ভিলিয়ার্স, স্টেলেনবোসে ফাফ ডু প্লেসি, কেপ টাউনে জেপি ডুমিনি, ব্লুমফন্টেইনে ডেভিড মিলার জোহানেসবার্গে কাগিসো রাবাদা এবং পোর্ট এলিজাবেথ দলের দলের তারকা খেলোয়াড় ইমরান তাহির।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগের প্লেয়ার ড্রাফট হবে আগামী ১৯ আগস্ট। ১০টি দেশের ৪০০ জনের বেশি খেলোয়াড় নিলামে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আট দলের মাঠের লড়াই শুরু হতে পারে এ বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে।
ওই সময়টায় বাংলাদেশে হবে বিপিএল। আফ্রিকান লিগে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সম্ভাবনাও তাই কম।
তথ্যসূত্র : ক্রিকইনফো, ইন্ডিয়ান এক্সপ্রেস।


