ক্রীড়া ডেস্ক: এক সময়ে জিম্বাবুয়ে দলে তারকা ব্যাটসম্যান ছিলেন ব্রেন্ডন টেইলর। মাঝপথে জিম্বাবুয়ে দল ছেড়ে ইংলিশ কাউন্টির দল নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। তবে কাউন্টি ছেড়ে আবারও জিম্বাবুয়ের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে ৩১ বছর বয়সি এ তারকার।
২০১৫ সালে কোলপাক চুক্তিতে নটিংহ্যামশায়ারের সঙ্গে যোগ দেন টেইলর। তবে সেই চুক্তি ছেড়ে আবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই তাকে চুক্তি বাতিলের অনুমতি দিয়েছে কাউন্টির ক্লাব নটিংহ্যামশায়ার। এর ফলে তার জাতীয় দলে ফিরতে আর কোনো বাধা থাকছে না বলে এক বিজ্ঞিপ্তিতে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
সবশেষে ২০১৫ সালের মার্চে অকল্যান্ডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন টেইলর। এরপর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। তবে এবার সিদ্ধান্ত পাল্টানোয় নেদারল্যান্ডস ও পাকিস্তান ‘এ’ দল এবং অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য জিম্বাবুয়ে দলের ট্রেণিং ক্যাম্পে যোগ দেবেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে ২৩ টেস্টে চার সেঞ্চুরিতে ১৪৯৩ রান রয়েছে টেইলরের। এছাড়া দলটির হয়ে ১৬৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৩২টি ফিফটি ও ৮ সেঞ্চুরিতে ৫ হজারের ওপর রান রয়েছে ৩১ বছর বয়সি ব্রেন্ডন টেইলরের।


