আবারো হারল রাশিয়া

ক্রীড়া ডেস্ক : এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়া। আয়োজক হওয়ায় তাদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হয়নি। সরাসরি তারা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বাছাইপর্ব খেলতে না পারায় প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আয়োজক রাশিয়া।

মার্চ থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত তারা চারটি ম্যাচ খেলেছে। তার তিনটিতেই হেরেছে। ড্র করেছে একটিতে। ২৩ মার্চ ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে তারা। হার মানে ৩-০ ব্যবধানে। এরপর ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে হার মানে ৩-১ ব্যবধানে। ৩১ মে প্রস্তুতি ম্যাচ খেলে অস্ট্রিয়ার বিপক্ষে। সেই ম্যাচেও তারা জয় পায়নি। হার মানে ১-০ ব্যবধানে।

মঙ্গলবার রাতে তারা বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলে তুরস্কের বিপক্ষে। ঘরের মাঠে এই ম্যাচেও তারা জয় পায়নি। ১-১ গোলে ড্র করেছে তুরস্কের সঙ্গে। তবে রাশিয়া খুশি হতে পারে এই ভেবে যে অন্তত হার মানতে হয়নি তাদের।

এদিন অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল রাশিয়া। ম্যাচের ৩৫ মিনিটে গোল করেন আলেক্সান্ডার সামেদোভ। এ সময় ডি বক্সের মধ্যে ডানপ্রান্তে তাকে বল বাড়িয়ে দেন অ্যালান জাগোয়েভ। বল নিয়ে একটু সামনে এগিয়ে কোণাকুনি শট নেন আলেক্সান্ডার। বল তুরস্কের গোলরক্ষক শেরকানের বাম হাতের নিচ দিয়ে গিয়ে জালে আশ্রয় নেয় (১-০)। এই গোলের ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রাশিয়া।

বিরতির পর পরই ম্যাচে সমতা ফেরান তুরস্কের ইউনুস মালি। এ সময় মাঝমাঠের একটু সামনে বল পেয়ে একাই টেনে নিয়ে যান ইউনুস। ডি বক্সের সামনে থেকে জোরালো শট নেন বামপ্রান্ত দিয়ে। রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফেভ ঝাপিয়ে পড়লেও বলের নাগাল পাননি (১-১)।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় লড়াই।

১৪ জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে রাশিয়া।