আবার ইংল্যান্ডকে চেপে ফেলেছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আঁটসাঁট বোলিংয়ে ইংল্যান্ডকে চেপে ধরেছে পাকিস্তানের বোলাররা। ৩২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৪২ রান।

চ্যাম্পিয়নস ট্রফিতে এই প্রথমবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান। কার্ডিফে আজ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। পিঠের চোটে আজ খেলছেন না পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির। তার জায়গায় অভিষেক হয়েছে রুম্মান রইসের।

সেই রইসের হাত ধরেই আসে পাকিস্তানের প্রথম সফলতা। ষষ্ঠ ওভারে অ্যালেক্স হেলসকে (১৩) বাবর আজমের ক্যাচ বানিয়ে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ২৫ বছর বয়সি বাঁহাতি পেসার।

জেসন রয়ের জায়গায় দলে ফেরা জনি বেয়ারস্টো অবশ্য ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছেন। দ্বিতীয় উইকেটে জো রুটকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে ফেলেছিলেন তিনি। তবে প্রথমবার আক্রমণে এসেই বেয়ারস্টোকে (৪৩) ফিরিয়ে এ জুটি ভাঙেন হাসান আলী।

তৃতীয় উইকেটে রুট ও অধিনায়ক মরগান গড়েছিলেন ৪৮ রানের জুটি। এরপরই ১৪ রানের মধ্যে দুজনকেই সাজঘরে ফেরায় পাকিস্তান। ফাহিম আশরাফের জায়গায় দলে আসা স্পিনার শাদাব খানের বলে সরফরাজকে ক্যাচ দেন রুট (৪৬)। হাসানের বলে মরগানও (৩৩) সরফরাজের গ্লাভসবন্দি হয়ে ফেরেন।

২ উইকেটে ১২৮ থেকে ইংল্যান্ডের স্কোর তখন ৪ উইকেটে ১৪১! স্বাগতিকদের ইনিংসটা কতদূর যায়, সেটাই এখন দেখার।