আমাদের লক্ষ্য এখন শিরোপা জেতাঃ ব্রুইন

ক্রীড়া ডেস্ক: বেলজিয়াম ব্রাজিলকে প্রথম হারিয়েছিল ১৯৬৩ সালে। রাশিয়া বিশ্বকাপের আগে চার মুখোমুখিতে ওটাই ছিল বেলজিয়ামের একমাত্র জয়।

৫৫ বছর পর ব্রাজিলকে হারানোর মধুর স্বাদ পেল রেড ডেভিলসরা। ব্রাজিলের বিপক্ষে শুক্রবার রাতে ২-১ ব্যবধানে জিতেছে বেলজিয়াম। আর এ জয়ে ৩২ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল তারা। দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠে শিরোপার স্বপ্ন দেখছেন বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন। ব্রাজিলের বিপক্ষে একটি গোল করেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ব্রুইন। তার বিশ্বাস সেমিফাইনালের পর ফাইনালের বাঁধাও টপকাতে পারবে বেলজিয়াম।

ম্যাচের পর বিবিসিকে ব্রুইন বলেন, ‘ব্রাজিলকে হারানো অনেক বড় ব্যাপার। তাদের বিপক্ষে খেলা সহজ নয়। আমরা দলগত পারফরম্যান্সে কাজটা সহজ করেছি। দলের প্রত্যেকে নিজেদের কাজটা ভালোভাবে করেছে। আমরা শুরুতে ভালো ছিলাম। তবে ব্রাজিল বিরতির পর আমাদের চেপে ধরে। কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি আমরা কতটা সামর্থ্যবান। জয়টা দারুণ ছিল।’

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপের ফাইনাল খেলা হয়নি বেলজিয়াম। এবারের সেমিতে বেলজিয়ামের প্রতিপক্ষ ফ্রান্স। ব্রুইন জানালেন, এই মুহূর্তে তাদের হারানো কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক। প্রথমবারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফিতে চুমু খেতে যান তিনি। সেই স্বপ্ন নিয়েই রাশিয়ায় এসেছেন বলে জানালেন ব্রুইন,‘টুর্নামেন্টে একদল হারবে, আরেক দল জিতবে। এটাই স্বাভাবিক। আমাদের লক্ষ্য এখন শিরোপা জেতা। বিশ্বকাপ জয়ের চেষ্টা সবাই করে। আমরাও একই চেষ্টায় আছি। নিজেদের স্বপ্ন পূরণে আমরা মাত্র দুই জয় দূরে।’