আমিরের চোটে পাকিস্তানের ওয়ানডে দলে উসমান

ক্রীড়া ডেস্ক : ২০১৩ সালে পাকিস্তানের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন উসমান খান। এরপর পিঠের চোটে অনেকটা সময় মাঠের বাইরে কাটিয়েছেন। গত মাসে জাতীয় দলে ফিরে বিশ্ব একাদশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। এবার মোহাম্মদ আমিরের চোটে পাকিস্তানের ওয়ানডে দলেও সুযোগ পেয়ে গেলেন বাঁহাতি এই ফাস্ট বোলার।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর তিন ফরম্যাটেই পাকিস্তান দলে অটোমেটিক চয়েজ আমির। বাঁহাতি পেসার শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুবাই টেস্টে ডান পায়ে চোট পেয়েছেন। সেই চোট তাকে ওয়ানডে সিরিজ থেকে তো বটেই, চলমান টেস্ট থেকেও ছিটকে দিয়েছে। তাকে তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আমিরের জায়গায় দলে আসা উসমান ২০১৩ সালে পাকিস্তানের ডিপার্টমেন্টাল টি-টোয়েন্টি কাপে ৩.১ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। সে বছরের শেষ দিকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। কিন্তু পিঠের চোটে ২০১৪-১৫ মৌসুমের অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলেন।

চোট কাটিয়ে ফেরার পর এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৪ উইকেট নিয়েছেন। পাকিস্তান সুপার লিগের গত দুই আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটি এবারও তাকে দলে রেখে দিয়েছে। এখন পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলা হয়নি তার। তবে প্রথমটার স্বপ্ন পূরণ হতে পারে শিগগিরই।

পাকিস্তান ও শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৩ অক্টোবর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।