ক্রীড়া ডেস্ক : চেলসির কোচের দায়িত্ব থেকে বহিস্কৃত হওয়ার পর ইংলিশ লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন হোসে মরিনহো। গত মৌসুমে ক্লাবটিতে যোগ দেওয়ার পর সফল একটি মৌসুম কাটিয়েছেন তিনি। এবার জানালেন ওল্ড ট্রাফোর্ডে নিজের ভবিষ্যতের কথা।
১৭ বছরের কোচিং ক্যারিয়ারে কোনো ক্লাবেই ৩ মৌসুমের বেশি সময় কাটাননি হোসে মরিনহো। ইউরোপের বড় প্রায় সবকটি লিগের হয়ে শিরোপা জয়ের রেকর্ড থাকলেও বলতে গেলে ক্লাব পরবর্তণ মরিনহোর জন্য এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যানইউতে আরও ১৫ বছর থাকার কথা জানিয়েছেন পর্তুগিজ স্বঘোষিত এ নাম্বার ওয়ান।
ম্যানইউতে নিজেকে ভেঙে গড়তে প্রস্তুত মরিনহো। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে গিয়ে ইএসপিএনকে তিনি বলেন, ‘আমি তো বলি, আরও ১৫ বছরের জন্য আমি তৈরি। সেটা এখানেই (ইউনাইটেডে) কি না? অবশ্যই, কেন নয়!’
ইউনাইটেডে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই অনেকটা সফল মরিনহো। তার নেতৃত্বে লিগ কাপ, ইউরোপা লিগ এবং মর্যাদার চ্যাম্পিয়নস লিগে উঠেছে নিজেদের হারিয়ে খোঁজা রেডডেভিলসরা। তবে দীর্ঘ মেয়াদে থাকার প্রত্যয় ব্যক্ত করলেও ক্লাবটিতে সাফল্য এনে দিতে হবে তাকে। স্যার অ্যালেক্স ফার্গুসনের সোনালী যুগের পর ম্যানইউতে কোনো কোচকেই দীর্ঘ মেয়াদে দেখা যায়নি। ডেভিড ময়েস ও লুইস ফন গালরা দায়িত্বে আসলেও ক্লাবের আস্থার প্রতিদান দিতে না পারায় সরে দাঁড়াতে হয়েছে। তবে সামনের মৌসুমে মরিনহোর কাছে অসাধারণ কিছু প্রত্যাশা থাকবে ম্যানইউ ভক্তদের।


