নিজস্ব প্রতিবেদকঃ যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের (আরজেএসসি) নতুন নিবন্ধক হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম।
বৃহস্পতিবার (১৭ জুন) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩০ মে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মহাপরিচালক (ডিজি) হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মেজবাহুল আলম।
এছাড়া, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব বশির আহমেদকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এম এম তরিকুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) ফৌজিয়া জাফরীনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
এছাড়া, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং সেলিম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে।


