ক্রীড়া ডেস্ক : লুইস এনরিকের পর বার্সেলোনার কোচ কে হতে যাচ্ছেন তা নিয়ে কোনো জল্পনা-কল্পনা ছিল না। স্প্যানিশ গণমাধ্যম মার্কা দীর্ঘদিন আগেই এক সংবাদে জানিয়েছেন, আরনেস্তো ভালভার্দে বার্সেলোনার কোচ হচ্ছেন।
অবশেষে তাদের কথাই সত্য হল। মেসি-সুয়ারেজদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভালভার্দে। অ্যাথলেটিক বিলবাওর প্রাক্তন কোচ বার্সেলোনার কোচ হচ্ছেন। অফিসিয়াল টুইটার পেজ থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। পাশাপাশি বার্সেলোনার ওয়েবসাইটেও তা জানানো হয়েছে।
এনরিকের মতো ভালভার্দেও বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় ছিলেন। আশির দশকে শেষভাগের কিছু সময় বার্সার হয়ে খেলেছিলেন ভালভার্দে। স্পেনের হয়ে খেলেছেন মাত্র ১ ম্যাচ। ২৭ বছর পর প্রিয় ক্লাবে কোচ হয়ে ফিরছেন তিনি। দুই মেয়াদে অ্যাথলেটিকো বিলবাওয়ের কোচ ছিলেন ভালভার্দে। এছাড়া ইস্পানিওল ও ভ্যালেন্সিয়া দলেরও দায়িত্ব পালন করেছেন তিনি।
বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউ ভালভার্দেকে স্বাগত জানিয়ে বলেছেন,‘ভালভার্দের সামর্থ্য, বিচার-বুদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। সে তরুণ ফুটবলারদের প্রোমোট করতে পছন্দ করে। সে দারুণ পরিশ্রমী। উন্নত প্রযুক্তি নিয়ে ট্রেনিং করাতে দারুণ পছন্দ করে ভালভার্দে।’
বার্সেলোনাকে ৯টি শিরোপার স্বাদ দেওয়া এনরিক ‘হাঁপিয়ে’ উঠায় বিশ্রামে যাচ্ছেন। যদিও তার চুক্তি এ বছরই শেষ হয়েছে। এরপর বার্সেলোনা থেকে এনরিকের চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়নি।


