আরমানিটোলার ঘটনায় বিএনপি শোক, ক্ষতিপূরণের দাবি

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গোডাউনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে বিএনপি।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার আবাসিক এলাকায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। অতীতে পুরান ঢাকার চুরিহাট্টা ও নিমতলীসহ বিভিন্ন আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য হতাহতের ঘটনা ঘটলেও সরকার ও সিটি কর্পোরেশন এসব অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে। ঘটনার পর পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এ পর্যন্ত সেসব পদক্ষেপ আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে।

বিবৃতিতে, বিএনপি মহাসচিব অবিলম্বে আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউনসহ দাহ্য পদার্থের গোডাউন অপসারণ ও হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।