আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লিওনেল

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ব্যর্থতায় গত মাসেই আর্জেন্টিনার কোচের পদ থেকে হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করেছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এবার ভারপ্রাপ্ত কোচ হিসেবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব দেওয়া হয়েছে লিওনেল স্ক্যালোনিকে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রাক্তন এই উইঙ্গারের নিয়োগ নিশ্চিত করে। ৪০ বছর বয়সি স্ক্যালোনি বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে আছেন। তার বর্তমান সহকারী ও প্রাক্তন আর্জেন্টাইন খেলোয়াড় পাবলো আইমারকে সিনিয়র দলেও সঙ্গী হিসেবে পাচ্ছেন তিনি। আগামী মাসে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলের দায়িত্বে থাকবেন স্ক্যালোনি। এ বছরের শেষে আরো একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারপ্রাপ্ত কোচই পুরো ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন এএফএর সভাপতি ক্লাওদিও তাপিয়া। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। দলের বিশ্বকাপ ব্যর্থতায় বিদায় ঘণ্টা বাজে সাম্পাওলিরও।