আর্জেন্টিনায় জায়গা পাননি হিগুয়েন

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার ২১ সদস্যের দলে জায়গা পাননি দেশটির ফর্মে থাকা তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।

রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আর মাত্র দুটি ম্যাচ হাতে আছে আর্জেন্টিনার। লাতিন অঞ্চলের বাছাইপর্বের বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন হিগুয়েন। জুভিদের হয়ে সিরি’আর তিন ম্যাচে দুই গোল পেয়েছেন তিনি। তারপরও হিগুয়েনের এ পারফরম্যান্স মন কাড়তে পারেনি কোচ সাম্পাওলির। তাই বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি দুটি ম্যাচে জায়গা হয়নি তার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগের দুই ম্যাচে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিল আর্জেন্টিনা । এবার কনমেবল অঞ্চলে বাছাইপর্বের পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনা, রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে। ওই দুই ম্যাচের দলেও ছিলেন না হিগুয়েন। শেষ দুই ম্যাচেও কোচের আস্থা মেসি, আগুয়েরো, দিবালা ও মাউরো ইকার্দিদের ওপর।

এই অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশেয়ানিয়া অঞ্চলের শীর্ষ দল নিউজিল্যান্ডের সঙ্গে।

আগামী ৫ অক্টোবর বুয়েনস অ্যাইরেসে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত বিশ্বকাপের রানার্স আপরা বাছাইপর্বের শেষ ম্যাচে ১০ অক্টোবর খেলবে ইকুয়েডরে কুইটোতে।

আর্জেন্টিনা দল: গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, আগুস্তিন মার্চেসিন।

ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, এমানুয়েল মামানা, হেরমান পেস্সেইয়া।

মিডফিল্ডার: এভার বানেগা, লু্কাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মার্কোস আকুনিয়া, এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, আলেহান্দ্রো গোমেস।

ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো, পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও লিওনেল মেসি।