আশা ছাড়ছেন না দলটির কোচ দিয়েগো সিমিওনে

ক্রীড়া ডেস্ক : সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-০ গোলের হারে অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে। তবে এখনই আশা ছাড়ছেন না দলটির কোচ দিয়েগো সিমিওনে। ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে করেন এই আর্জেন্টাইন কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে হেরে যাওয়ার ঠিক পরই সিমিওনে বলেছেন, ফুটবলে শেষ বলে কিছু নেই। আর এ কারণেই প্রথম লেগে ৩-০ গোলে হেরে যাওয়ার পরও ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন। সিমিওনে বলেন, ‘দ্বিতীয় লেগ এখনো বাকি আছে। অনেকেই বলবে ঘুরে দাঁড়ানোটা অসম্ভব, কিন্তু আমার কাছে এটা সম্ভব। ফুটবল অবিশ্বাস্য একটা খেলা, অপ্রত্যাশিত যেকোনো কিছু ঘটতে পারে এখানে। সুতরাং আমাদের এখনো একটা সুযোগ আছে।’

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এখন পর্যন্ত দুই গোলে পিছিয়ে পড়ার ঘাটতিই পূরণ করতে পারেনি কোনো দল। সেখানে অ্যাটলেটিকোকে করতে হবে চার গোল। কঠিন হলেও সিমিওনে আত্মবিশ্বাসী, ‘রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন একটা ব্যাপার। কিন্তু এসব ফুটবলেরই অংশ। সম্ভাবনার শেষ বিন্দু থাকা অবধি আমরা খেলব। আমরা অসম্ভব কিছুকে সম্ভব করার চেষ্টা করব। আমরা অ্যাটলেটিকো মাদ্রিদ, আমাদের এটি করে দেখানোর সামর্থ্য আছে।’

চ্যাম্পিয়নস লিগের ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমের ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়েই শিরোপা জিতেছিল রিয়াল। ২০১৪-১৫ মৌসুমের কোয়ার্টার-ফাইনালেও রিয়ালের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল সিমিওনের দল। এবার কী হবে, সেটা জানা যাবে আগামী সপ্তাহে। অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে আগামী বুধবার হবে ফিরতি লেগ।