আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় পপি আক্তার মজিদা (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে আশুলিয়ায় শ্রীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মজিদা টাঙ্গাইলের করটিয়া থানার নয়াপাড়া গ্রামের মজিবর বেপারীর মেয়ে। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকালে দরজা বন্ধ অবস্থায় মজিদাকে তার প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৫ অক্টোবর) রাতের কোনো এক সময় মজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


