ইউনিয়ন পরিষদ নির্বাচন বরিশালে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা গাড়ি ভাংচুর ও সমর্থকদের উপর হামলা হয়েছে। গত শনিবার (১৩ নভেম্বর) রাতে ইউনিয়নের মানিককাঠি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের প্রচারনার পিকআপ চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও হামলা ভাংচুর করা পিকআপ উদ্ধার করেছে পুলিশ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ।

তিনি বলেন,‘সন্ধ্যার দিকে তার নির্বাচনী প্রচারনার একটি পিকআপ মানিককাঠি বাজার অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের সমর্থনে একটি মিছিল বের করা হয়। তখন পিকআপটি রাস্তার পাশে থামিয়ে রাখে চালক। এরপরেও জয় বাংলা গেøাগান দিয়ে আওয়ামীগ নেতা গোলাম কিবরিয়া, মিলনের সহযোগী ফয়সাল, কসাই কালামসহ ২৫/৩০ জন হামলা করে।’

এয়াপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, ‘এ ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’