ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে শুরুতে এগিয়ে গেলেও শেষ মুহুর্তের গোলে হতাশা বাড়ে ম্যানইউয়ের সমর্থকদের। ১৭ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন মারোয়ান ফেল্লানি। মার্কাস র্যাশফোর্ডের ক্রস থেকে ফেল্লানির দারুণ এক হেডে এগিয়ে যায় রেডডেভিলরা। লিড নিয়ে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা। বিরতির পর সেল্টা ভিগো আক্রমণ বাড়ালেও গোলের দেখা পাচ্ছিলেন না। তবে শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট পূর্বে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের কান্নায় ভাসান ফাকুন্দো রনকাগলিয়া। আর্জেন্টিনার ৩০ বছর বয়সি এ ডিফেন্ডার উপরে উঠে গোল করে ম্যাচে সমতায় ফেরান।
সেল্টা ভিগো সমতায় ফিরালেও শেষ মুহুর্তে আর গোলের দেখা পায়নি। ফাইনালে যেতে হলে আরও একটি গোল করতে হতো তাদেরকে। গোল হজমের পর রক্ষণাভাগ আরও শক্তিশালী করে ম্যানইউ। সেই রক্ষণদূর্গ ভাঙতে পারেননি অতিথিরা। শেষ দিকে লাল কার্ড হজম করেন এরিক বেইলি ও রনকাগলিয়াকে।
সেল্টা ভিগোর বিপক্ষে ড্র করে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেল্টা ভিগোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরিনহোর শিষ্যরা।
দ্বিতীয় লেগ ড্র হলেও প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল রেডডেভিলরা। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। স্টকহোমে আগামী ২৪ মে হবে শিরোপা নির্ধারণ লড়াই। ফাইনালে জয় পেলেই সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে ম্যানচেস্টার ইউনাইটেড।


