ইউরোর ফাইনালে ইংল্যান্ড

ইউরোর ফাইনালে ইংল্যান্ড। গত কয়েক যুগে যা দেশটির সবচেয়ে বড় জয়। দলের এমন অর্জনে গর্বিত ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

ইউরোর সেরা চারে থাকবে ডেনমার্ক। আসর শুরুর আগে হয়তো কোনো ফুটবলবোদ্ধাই এমন ভবিষ্যদ্বাণী করেননি। কিন্তু সব সমীকরণকে ভুল প্রমাণ করে ড্যানিশরা। প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসনকে হারানোর শোককে তারা পরিণত করে শক্তিতে। একেকটি ধাপ পেরিয়ে চলে আসে সেমিফাইনালে। কিন্তু তাদের স্বপ্নযাত্রা থামিয়ে দিল ইংল্যান্ডের দুর্দান্ত একটা দল।

ইংল্যান্ড অধিনায়ক অধিনায়ক হ্যারি কেইন বলেন, ‘অসাধারণ এক জয়। ডেনমার্ক দলের প্রশংসা করতেই হয়। তবে আমাদের খেলোয়াড়দের কৃতিত্বও কম নয়। তাদের নিয়ে আমি গর্বিত। আমরা এই অর্জন উপভোগ করতে চাই। কিন্তু এখনো একটা খেলা বাকি আছে। ফোকাস থাকবে ফাইনাল নিয়ে। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলাটাও আমাদের জন্য বিশেষ উপলক্ষ। গত বিশ্বকাপে সেমিতে হার থেকে অনেক কিছু শিখেছি। আমাদের বিশ্বাস ফাইনালে সবাই নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দেবে। ডেনমার্ক ভালো খেলেছে, সেটা অস্বীকার করছি না। কিন্তু জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। ওয়েম্বলিতে সমর্থকদের এমন উল্লাস আর গর্জন আগে কখনো দেখিনি। এটা আমাদের সবার জন্য বিশেষ মুহূর্ত। ফাইনালে আমাদের জন্য কঠিন পরীক্ষা দিতে হবে। ইতালি দারুণ খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে।’