ইতালিকে হারাল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক : শুক্রবার রাতে বিশ্বকাপের আগে ইতালির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ফেভারিট ফ্রান্স। তবে কোনো অঘটন ঘটেনি। প্রত্যাশিত জয়টিই পেয়েছে তারা। উমতিতি, গ্রিজমান ও দেম্বেলের গোলে ভর করে ৩-১ ব্যবধানে বিশ্বকাপ থেকে ছিকটে যাওয়া ইতালিকে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

শুক্রবার ঘরের মাঠে গোলের দেখে পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে। ম্যাচের ৮ মিনিটেই গোল পেয়ে যায় তারা। এ সময় ডানপ্রান্তে ডি বক্সের বাইরে থেকে ট্যাব করে কালিয়ান এমবাপেকে বল বাড়িয়ে দেন বেঞ্জামিন পাভার্ট। উড়ে আসা বলে এমবাপে পা লাগিয়ে জালে জড়ানোর চেষ্টা করেন। কিন্তু ইতালির গোলরক্ষক সালভাতোরের পায়ে লেগে বল চলে যায় স্যামুয়েল উমতিতির কাছে। তিনি সুযোগ পেয়ে ঠা-া মাথায় বল জালে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই ইতালির মারিও বালোতেল্লি দারুণ একটা পাল্টা আক্রমণ করলেও সেটা থেকে গোল আদায় করতে পারেননি। তার নেওয়া শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়।

উল্টো ম্যাচের ২৯ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এ সময় বাম প্রান্ত দিয়ে বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকতে চেষ্টা করেন ফ্রান্সের লুকাস হার্নান্দেজ। ডি বক্সের ভেতরে ঢুকতেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ইতালির রোনালদো মান্দ্রাগোরা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি কিক নেন অ্যান্তোনিও গ্রিজমান। ডানকোণা দিয়ে বল জালে জড়ান তিনি (২-০)। ৩৬ মিনিটে অবশ্য ইতালির লিওনার্দো বোনুচ্চি গোল করে ব্যবধান কমান (২-১)।

এ সময় ডি বক্সের একেবারে লাইন ঘেসে মারিও বালোতেল্লিকে ফাউল করেন ফ্রান্সের উমতিতি। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। সেখান থেকে কিক নেন বালোতেল্লি। তার কিক সরাসরি গোলরক্ষকের কাছে যায়। ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস বলটি হাতে জমাতে পারেনি। পাঞ্চ করে সামনেই ফেলেন। কিন্তু বল চলে যায় বোনোচ্চির কাছে। বুটের ছোঁয়া দিয়ে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বুনোচ্চি। তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পর (৬৩ মিনিটে) ব্যবধান বাড়ান ওসমানে দেম্বেলে। এ সময় ডি বক্সের বাম কোণার ভেতরে বল পেয়ে যান দেম্বেলে। সেখান থেকে ট্যাব করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন (৩-১)। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি।

বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক।