ইতিহাসের সেরা গোল এটিই?

ক্রীড়া ডেস্ক : তুরিনে ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসের দর্শকরা তাকে দুয়ো দিচ্ছিল। ৬৪ মিনিটে সেই দর্শকরাই উঠে দাঁড়িয়ে তালি বাজিয়ে সম্মান জানালেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদ তারকা যা করেছেন, তাতে প্রতিপক্ষের দর্শকদের অমন সম্মান প্রদর্শন অস্বাভাবিক ছিল না মোটেই!

জোর্জো কিয়েলিনির সঙ্গে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের ভুল বোঝাবুঝিতে ডি বক্সের কোণায় বল পেলেন রোনালদো। সেখান থেকে গোল করা সম্ভব নয় বলে পাস দিলেন বক্সের সামনে চলে আসা লুকাস ভাসকেজকে। ভাসকেজের বাঁ পায়ের শটটা বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ফিরিয়ে দিলেন বুফন। সেই বলটাই আবারো এলো বক্সে। ডান দিক থেকে ক্রস দিলেন দানি কারবাহাল। রোনালদো শূন্যে লাফিয়ে উঠে করলেন বাইসাইকেল কিক। ডান কোণা দিয়ে বল আশ্রয় নিল জালে।

সামান্য নড়ারও সুযোগ পেলেন না বুফন। জুভেন্টাস গোলরক্ষক শুধু হা করে তাকিয়ে থাকলেন। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের যেন বিশ্বাসই হচ্ছিল না। ফরাসি কিংবদন্তির মাথায় হাত দেওয়ার দৃশ্যটা অন্তত সেটাই বলছিল। অবিশ্বাস এই গোলের পরই জুভেন্টাসের দর্শকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান রোনালদোকে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সেরা গোল এটিই কি না, এমন বিতর্কও শুরু হয়ে গেছে। জিদান এটিকে তার দেখা অন্যতম সেরা গোল হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ২০০২ সালে হ্যাম্পডেন পার্কে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে করা তার সেই বিখ্যাত গোলটাই নাকি বেশি ভালো ছিল।

‘রোনালদোর এটি অসাধারণ একটি গোল। আমি তাকে টুপি খোলা অভিনন্দন জানাই। লেভারকুসেনের বিপক্ষে আমার গোলটা সুন্দর ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোনালদোর গোলটা। একমাত্র রোনালদোই এই ধরনের গোল করতে পারে। ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর একটি গোল এটি। আমি বলতে পারি না, এটি ২০০২ সালের গোলের চেয়ে ভালো’- সংবাদ সম্মেলনে খানিকটা মজা করেই বলেছেন জিদান।

সেরার বিতর্কে না গেলেও এটিকে অসাধারণ গোল বলেছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও, ‘আমি জানি না ক্রিস্টিয়ানোর এই গোল ফুটবল ইতিহাসের সেরা কি না, কিন্তু এটি অবশ্যই অসাধারণ একটি গোল। সে বর্তমান সময়ে যা করছে, তার জন্য তাকে শুধু আপনি অভিনন্দন জানাতে পারেন।’

জুভেন্টাসের ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাগলি এটিকে ভিডিও গেম গ্যাজেট ‘প্লে-স্টেশনে’র সঙ্গে তুলনা করেছেন, ‘এটি একটি প্লে-স্টেশন গোল। যখন আপনি রোনালদোর মতো বিশ্বের অন্যতম সেরা একজনের বিপক্ষে খেলবেন, আপনাকে নিখুঁত হতে হবে। আপনি তাকে সামান্য জায়গা দিলে আপনাকে চড়া মূল্য দিতে হবে। তার গোলে ইতিহাস পাল্টে গেছে এবং দুর্ভাগ্যবশত এটি আমাদের বিপক্ষেই ছিল।’

এই গোল নিয়ে রোনালদো নিজে কী বলছেন? পর্তুগিজ তারকা উয়েফা ডটকমকে বলেছেন, ‘দুর্দান্ত গোল। আমি কী বলতে পারি, অসাধারণ। আমি ভাবিনি এমন একটি গোল করতে পারব।’

তথ্যসূত্র : ডেইলি মেইল, বিবিসি অনলাইন, ফোর ফোর টু।