ক্রীড়া ডেস্ক : ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স। ট্রেন্ট ব্রিজ টেস্টে মরনে মরকেলের একটি ডেলিভারি তার আঙ্গুলে আঘাত হেনেছিল। এক্স-রে করার পর তার আঙ্গুলে চিড় ধরা পড়েছে। সে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ওভাল টেস্টে খেলতে পারবেন না। তার পরিবর্তে মার্ক স্টোনম্যান ও টম ওয়েস্টলিকে দলে ডাকা হতে পারে।
২৭ বছর বয়সী ব্যালান্স কাউন্টি ক্রিকেটে ভালো করার কারণে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ দুই টেস্টে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে তিনি করেছেন ২০, ৩৪, ২৭ ও ৪ রান।
এদিকে দলে ডাক পেতে যাওয়া স্টোনম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৫৮ ও ৮৬ রান করেছিলেন। পাশাপাশি সারের হয়ে সব ফরম্যাটে সেরা পারফরমার তিনি। অন্যদিকে ওয়েস্টলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। কাউন্টি ক্রিকেটে করেছেন ৪৭৮ রান। যেখানে তার গড় ৫০ এর উপরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে। ইংল্যান্ড প্রথম টেস্টটি জিতে নেওয়ার পর দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হার মেনেছে দক্ষিণ আফ্রিকার কাছে।


