ক্রীড়া ডেস্ক: ২২ বছর বার্সেলোনার মাঝমাঠে সফল ও নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
লম্বা পথ পাড়ির পর চোখের জলে প্রিয় ঠিকানা ন্যু ক্যাম্পকে বিদায় বলেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা।৩৪ বছরের জীবনের ২২টি বছরই কাটিয়েছেন প্রিয় ক্লাব বার্সায়। এই সময়ে মোট ১৬ মৌসুমে ৩১টি ট্রফি জিতেছেন। সেগুলো সাজানো ইনিয়েস্তার শোকেসে।
তবে প্রিয় বার্সেলোনা ছেড়ে কোথায় যাবেন তা এখনও চূড়ান্ত করেননি ইনিয়েস্তা। অস্ট্রেলিয়া বা জাপানে যেতে পারেন ইনিয়েস্তা। আবার কেউ কেউ বলছে চাইনিজ লিগের ক্লাবে যোগ দেবেন। তবে সকল জল্পনা-কল্পনা ও গুজব থেমে যাবে আগামী দশ দিনের মধ্যেই। ইনিয়েস্তা জানিয়েছেন, আগামী দশ দিনের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি।
নয়টি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ইনিয়েস্তা। জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। বৃহস্পতিবার তিনি বলেছেন,‘আমি বার্সেলোনার হয়ে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি রেখেছি। বার্সেলোনার হয়ে আমার সফর শেষ। এটা ঠিক এ মুহূর্তে আমি অনেক জায়গা থেকে ভালো অফার পাচ্ছি। আগামী দশ দিনের ভিতরেই আমি সব কিছু চূড়ান্ত করবো। আমি চেষ্টা করবো আমার জন্য যেটা ভালো, যেটা উপযুক্ত সেটাই চূড়ান্ত করতে।’


