ইমরান খানের শপথ অনুষ্ঠানে কপিল, গাভাস্কার, সিধু!

ক্রীড়া ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন দলটির প্রধান ইমরান খান। আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন পাকিস্তানের প্রাক্তন এ ক্রিকেটার। বিদেশি কোনো অতিথিকে শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানাবেন না ইমরান খান। তবে তার কাছের বিদেশি বন্ধু-বান্ধব এবং খেলার মাঠের বিদেশি সতীর্থদের শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই তালিকায় আছেন ভারতের কপিল দেব, সুনীল গাভাস্কার এবং নবজিত সিং সিধু। আছেন বলিউড তারকা আমির খান। ইমরান খান ও কপিল দেবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । ২০১৬ সালে ইডেনে ভারত-পাকিস্তানের ম্যাচ একই সঙ্গে উপভোগ করেছিলেন দুজন। পরবর্তীতে অন্যান্য হাই অফিসিয়ালের সঙ্গে ডিনারেও যোগ দেন তারা। ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অন্যান্যদের মতো কপিল দেবও তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন,‘খুব ভালো লাগছে যে একজন সফল ক্রিকেটার একটি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে।’ নবজিত সিং সিধু বলেছেন,‘সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অসাধারণ গুণ তার।’ ইমরান খানের নিমন্ত্রণ তারা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শপথ অনুষ্ঠানে যোগ দিবেন কিনা সেটাই দেখার। এদিকে সুনীল গাভাস্কার ক্রিকেটীয় জীবনে শেষ পাকিস্তান সফর করেছেন ১৯৮৪ সালে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হয়েছিল পাকিস্তানে। কিন্তু দুই দেশের রাজনীতির ময়দান উত্তপ্ত হলে সিরিজের মাঝপথেই ভারত দেশে ফিরে আসে। এরপর আর পাকিস্তানে যাওয়া হয়নি সুনীল গাভাস্কারের। এবার সেই সুযোগটি হচ্ছে কিনা সেটাই দেখার।