ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি বলেন, ইরান যদি মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালায় বা হামলার চেষ্টা করে, তাহলে এর জবাবে তেহরানকে আরও ট্যাংকার হারাতে হবে। খবর আল আরাবিয়ার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘ইরান বারবার মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। তারা যখনই এমন করবে বা করার চেষ্টা করবে, তখনই তাদের ট্যাংকার ধ্বংস করা হবে। আজও এমন পদক্ষেপ দেখতে পারেন।’
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর তাদের বাহিনী ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে। সেন্টকমের দাবি, গত দুই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দুটি পৃথক ঘটনায় একটি মার্কিন যুদ্ধজাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিল। এর প্রতিক্রিয়াতেই ওই অভিযান চালানো হয়।
সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের হামলা এড়িয়ে নিরাপদে আঞ্চলিক জলসীমায় টহল কার্যক্রম চালিয়ে গেছে। এসব ঘটনায় কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হয়নি।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।


