উইন্ডিজের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া

শেষ টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ১৬ রানের জয় তুলে নিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ক্যারিবীয়রা। শুরুর তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল উইন্ডিজরা। চতুর্থ ম্যাচে অজিরা জিতলেও শেষ ম্যাচে আবারও হারের তিক্ততা পেয়েছে তারা।

গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে শনিবার (১৭ জুলাই) শেষ ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করে উইন্ডিজ।

উদ্বোধনী ব্যাটসম্যান এভিন লুইস শেষ ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখে খেলতে থাকেন। শুরুতেই তার ঝড়ো ইনিংসে ভালো শুরু পায় উইন্ডিজ। তার ব্যাট থেকে আসে ৭৯ রান। ৪টি চার আর ৯ ছক্কা মারেন তিনি। এরপর ব্যাটিং বিস্ময় ক্রিস গেইল মাঠে নেমে ঝড় তোলেন। মাত্র ৭ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। এ ছাড়া নিকোলাস পুরান করেন ১৮ বলে ৩১ রান। নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ক্যারিবীয়রা।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় অজিরা। রানের খাতা খোলার আগেই ফিরে যান জশ ফিলিপ। এরপর অ্যারিন ফিঞ্চ এবং মিচেল মার্শ পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। কিন্তু এই জুটি বেশিদূর এগোয়নি। ২৩ বলে ৩৪ রান ফিরে যান ফিঞ্চ। আর মার্শ করেন ৩০ রান। ক্যারিবীয় বোলারদের দাপটে ১০০ রানের মধ্যেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান ফিরে যান। শেষ দিকে ম্যাথু ওয়েড লড়াই চালিয়ে গেলেও হারের ব্যবধান কমেছে মাত্র। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৬ রান। এ ছাড়া হেনরিকেসের করেন ২১ রান। এ ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ফলে নির্ধারিত ২০ ওভারে অজিদের ইনিংস শেষ হয় ১৮৩ রানে। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল। আর ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এভিন লুইস। এ ছাড়া সিরিজ সেরা হয়েছেন হেইডেন ওয়ালশ জুনিয়র।

বুধবার (২১ জুলাই) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল।