ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকতে পারেন অনিল কুম্বলে। এই সফরের আগে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) নতুন কোচ নির্বাচন করতে ব্যর্থ হলে কুম্বলের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অমিতাভ চৌধুরী ও প্রধান নির্বাহী রাহুল জোহরির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োজিত অন্তর্বর্তী প্রশাসক কমিটি (সিওএ)।
সিওএ-এর চেয়ারম্যান বিনোদ রায় ইএসপিএনক্রিকইনফো বলেছেন, ‘কোনো কারণে সিএসি সিদ্ধান্ত নিতে দেরি করলে অনিল কুম্বলেকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করব আমরা।’
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে ২৩ জুন। ২২ জুন লন্ডন থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে ভারতীয় দল। সফরে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
গত বছরের জুনে এক বছরের চুক্তিতে ভারতীয় কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল কুম্বলেকে। চলমান চ্যাম্পিয়নস ট্রফির পরপরই শেষ হয়ে যাবে কুম্বলের চুক্তির মেয়াদ। গত মাসে বিসিসিআই নতুন করে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। তাতে আবেদন করেছেন কুম্বলে নিজেও।
আবেদন করা ছয় প্রার্থীর মধ্যে কুম্বলেই অবশ্য শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম পছন্দ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিসিআই। এ ব্যাপারে তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না উপদেষ্টা কমিটি।


