উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ

ক্রীড়া ডেস্ক : কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। দুই বছরের বেশি সময় পর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন এই সার্বিয়ান তারকা।

অল ইংল্যান্ড ক্লাবে রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ১২তম বাছাই অ্যান্ডারসনকে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে নিজের চতুর্থ উইম্বলডন শিরোপা জেতেন জকোভিচ।

এটি তার ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা, ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের পর প্রথম।

ছেলেদের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন জকোভিচ। তিনি ছাড়িয়ে গেছেন রয় এমারসনকে।

তার সামনে আছেন শুধু রজার ফেদেরার (২০), রাফায়েল নাদাল (১৭) ও পিট সাম্প্রাস (১৪)।