ঢাকা মহানগরীর উত্তরখান থানার দুবাদিয়া করাইটেক এলাকায় তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে উত্তরখান থানাধীন দুবাদিয়া করাইটেক এলাকায় আলী হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘরের ভেতরে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থাকায় সেখানে গ্যাস জমে ছিল। পরে বাড়ির মালিক আলী হোসেনের স্ত্রী হাসনা হেনা রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, ল্যাপটপ, তোষক, বালিশসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক আলী হোসেন (৫৫), তার স্ত্রী হাসনা হেনা (৪৫) এবং তাদের মেয়ে আখি (২৮) দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


