রাজধানীতে একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজের মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উত্তরার খামারপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, দুপুরে কামারপাড়ায় একটি ভাঙারির কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ আটজনকে নিয়ে আসা হয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। তাদের অধিকাংশেরই শরীরের অর্ধাঙ্গের বেশি দগ্ধ হয়েছে।


