ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬: রোগীদের সেবার মান উন্নয়ন ও হাসপাতালের কার্যক্রমকে আরও আধুনিক ও ডিজিটাল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা। এরই ধারাবাহিকতায় এবার হাসপাতালে চালু হয়েছে Bangla QR ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।
রোববার (২০ সেপ্টেম্বর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই ২০২৬ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং সোনালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার সার্বিক সহযোগিতায় এ পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে রোগী ও সেবাগ্রহীতারা নির্ধারিত সেবার মূল্যসহ বিভিন্ন আর্থিক লেনদেন নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন। এতে লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহারও কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে রোগীবান্ধব ও ডিজিটাল সেবা সম্প্রসারণে এর আগেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালে অনলাইন রোগীর টিকিট ও টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হয়। ফলে রোগীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো রোগীদের সেবা গ্রহণ সহজ করা, সময় ও ভোগান্তি কমানো এবং হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা।
অনলাইন টিকিট ব্যবস্থার পর Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন চালুর ফলে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সেবাকে আরও আধুনিক ও রোগীবান্ধব করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার ডিজিএম, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মোহাম্মদ মিজানুর রহমান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসক, নার্স, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


