উত্তাপ ছড়ানো ম্যাচে ড্র

ক্রীড়া ডেস্ক : আগেই শিরোপা নিষ্পত্তি হওয়ায় এই ম্যাচ ছিল এক অর্থে অর্থহীন। এল ক্লাসিকোর প্রকৃত উত্তাপ পাওয়া নিয়ে তাই সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু মুখোমুখি যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তখন সেটি কি উত্তাপ না ছড়িয়ে পারে!

লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে তাই ঠিকই ছড়াল উত্তেজনা। কী ছিল না ম্যাচে! ফাউল, হলুদ কার্ড, লাল কার্ড, দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি। যদিও উত্তাপ ছড়ানো ম্যাচটা শেষ হয়েছে ২-২ গোলে।

বার্সার কাছে অবশ্য এই ড্রও কম প্রাপ্তি নয়। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই যে একজন কম নিয়ে খেলতে হয়েছে কাতালানদের!

আর এই ড্রয়ে আর্নেস্তো ভালভার্দের দলের অপরাজেয় যাত্রাও অব্যাহত রইল। বাকি তিন ম্যাচে হার এড়ালেই লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে এক মৌসুমে সব ম্যাচে অপরাজেয় থাকবে বার্সা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রোববার ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। সার্জিও রবার্তোর ক্রস থেকে বল জালে জড়িয়ে দেন লুইস সুয়ারেজ (১-০)।

স্বাগতিকদের এগিয়ে যাওয়ার স্বস্তি যদিও বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। টনি ক্রসের ক্রস থেকে হেড করেন করিম বেনজেমা। বল পেয়ে জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো (১-১)।

২৭ মিনিটে এগিয়েও যেতে পারত রিয়াল। কিন্তু রোনালদোর একটি শট ঠেকিয়ে বার্সার ত্রাতা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। ৪২ মিনিটে মেসির শট ফিরিয়ে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক কেইলর নাভাস।

প্রথমার্ধের যোগ করা সময়ে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার রবার্তো। তাকে ফাউল করেছিলেন মার্সেলো। কিন্তু রবার্তো মার্সেলোর মুখে মারেন ঘুষি। রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করেন দেন তাকে।

গোল করার সময় গোড়ালিতে চোট পাওয়া রোনালদো দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি। ১০ জনের দল নিয়েও ৫২ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড (২-১)।

তবে ৭২ মিনিটে গ্যারেথ বেলের গোলে আবার সমতা ফেরায় রিয়াল। মার্কো অ্যাসেনসিওর বাড়ানো বল থেকে বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে ফাঁকি দেন ওয়েলস ফরোয়ার্ড (২-২)।

বাকি সময়ে দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগতে পারেনি। স্কোরলাইনেও তাই কোনো পরিবর্তন আসেনি।

৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।