উপজেলা পর্যায়ে দুর্নীতি রোধে জোরদার নজরদারির দাবি

সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি: দেশের উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে জেলা ও জাতীয় পর্যায়েও দুর্নীতি ও অনিয়ম কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রকৌশল অফিস, নির্বাচন অফিস, হিসাবরক্ষণ অফিস, খাদ্য নিয়ন্ত্রণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, যুব উন্নয়ন অফিস এবং সমবায় অফিস। এসব দপ্তর সরাসরি জনগণের সেবা প্রদানের সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক নাগরিকই সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগও পাওয়া যায়।

সচেতন নাগরিকদের মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালিত হলে সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাবে। তারা মনে করেন, নিয়মিত তদারকি, কর্মদক্ষতার মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে।

বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি প্রতিরোধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং প্রশাসনিক সংস্কার, প্রযুক্তিনির্ভর সেবা, স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে সরকারি সেবার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

সুশাসন প্রতিষ্ঠা ও সরকারি সেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর ও জনমুখী করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

(পর্ব-১)