ক্রীড়া ডেস্ক : উমর আকমলের আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থান-পতন চলছেই। সম্প্রতি বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন হার্ড হিটার এ ব্যাটসম্যান।
৩৫ জন ক্রিকেটারকে নতুন কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পিসিবি। মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের। এক বছরের চুক্তির এসব ক্রিকেটারদের মাসিক আয় ১০ শতাংশ বেড়েছে। ১৫ জন তরুণ ক্রিকেটারকে এই চুক্তির আওতায় আনা হলেও বাদ পড়েছেন উমর আকমল। তবে ফর্মের চেয়ে তার ফিটনেসকেই এই চুক্তি থেকে বাদ পড়ার বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই।
ফিটনেসের কারণে কয়েকদিন আগে মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পাকিস্তান দলে থাকতে পারেননি উমর আকমল। পাকিস্তান মর্যাদার এ আসরে শিরোপা জিতে ঘরে ফিরলেও আসর শুরুর আগে দুটি ফিটনেস টেস্টে বাদ পড়ায় আর খেলা হয়নি তার। এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই কারণে দলের হয়ে খেলতে পারেননি তিনি।
এরপর জাতীয় ক্রিকেট একাডেমির হাই পারফরম্যান্স ক্যাম্পে সুযোগ পেলেও হাটুর ইনজুরিতে বাইরে রয়েছেন উমর আকমল। নতুন চুক্তি নিয়ে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘পারফরম্যান্স, ফিটনেস এবং শৃঙ্খলার ভিত্তিতে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়। এক দল তরুণ ক্রিকেটারদের এবার এই চুক্তির আওতায় এনে পুরস্কৃত করা হয়েছে। গত বছরের চুক্তির বেশ কিছু খেলোয়াড় অবসরে যাওয়ায় সব ফরম্যাটে আমরা এখন একটি পরীক্ষামূলক সময়ে রয়েছি।’
আজহার আলী, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ এবং মোহাম্মদ হাফিজের সঙ্গে পিসিবি’র ‘এ’ক্যাটাগরির চুক্তিতে যুক্ত হয়েছেন সম্প্রতি দারুণ ফর্মে থাকা পেসার মোহাম্মদ আমির। ব্যাটসম্যান বাবর আজম, পেসার হাসান আলী এবং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ক্যাটাগরি ‘সি’ থেকে ‘বি’ তে উঠে এসেছেন। অন্যদিকে উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ একধাপ নিচে নেমে ‘সি’ ক্যাটাগরিতে চলে গেছেন। অন্যদিকে মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমলের সঙ্গে এবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ ইরফানও।


