কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর হামলা ও অফিস ভাংচুরের ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তাহের।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৬ডিসেম্বর)উলিপুর সরকারি ডিগ্রি কলেজে বিজয় দিবসের কর্মসূচী চলাকালে দুপুরে বহিরাগতরা কলেজে প্রবেশ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর করে আহত করেন এসময় তার কোটের পকেটে থাকা পনের হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। তার কক্ষে থাকা সিসি ক্যামেরার মনিটর ও ডিভিআর মেশিন হামলাকারীরা চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের বাদী হয়ে পৌরসভার মধ্য বাজার এলাকার ইছাহক মোল্লার ছেলে মোনা মোল্লা (৩৫), ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মানিক (২৮), সবুজ ওরফে পচাঁ (২৭)সহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা প্রদান, সরকারি কর্মচারীকে মারপিট ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন (মামলা নং-১৭,তারিখ-১৭/১২/২০১৯ ইং)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, সোমবার(১৬ ডিসেম্বর) সকালে উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তাহের তার সহকর্মীদের নিয়ে কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করতে যান। এসময় তিনি জুতা পায়ে পুষ্পার্ঘ হাতে নিয়ে শহীদ মিনার বেদীতে উঠেন।জুতা পায়ে শহীদ বেদীতে ওঠার ছবি মুহুর্তে ফেসবুকে ভাইরাল হয়ে গেলে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে গণ-ধোলাই দেয়।


